সোমবার (৭ সেপ্টেম্বর) আঙ্কারায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরাইলকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তুরস্ককে ঘিরে ফেলার যেকোনো শত্রুতামূলক তৎপরতা বা অবরুদ্ধকরণের চেষ্টা আঙ্কারা কোনোভাবেই মেনে নেবে না। তবে তিনি এও উল্লেখ করেন যে, কোনো নির্দিষ্ট দেশ, সমাজ, ধর্ম বা সংস্কৃতির প্রতি তুরস্কের কোনো শত্রুতা নেই।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ইসরাইলকে দায়ী করে এরদোগান বলেন, দেশটির উসকানি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ইরান ও উপসাগরীয় দেশসহ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তার অভিযোগ, ইসরাইলের মিথ্যাচার ও নাশকতার কারণেই ইসলামাবাদ সমঝোতা কার্যকর করা সম্ভব হয়নি। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই তিনি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও সুদৃঢ় করার ঘোষণা দিয়েছেন এবং আঞ্চলিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।
একই বৈঠকে উত্তর সাইপ্রাসের উপকূলে সম্প্রতি ঘটে যাওয়া জাহাজডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা নিয়ে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তুরস্কের পক্ষ থেকে ৯টি জাহাজ ও ১১টি বিমান দিয়ে জোরালো অনুসন্ধান চালানো হচ্ছে। এছাড়া, আঞ্চলিক অস্থিরতার মধ্যেও তুরস্কের অর্থনীতিকে শক্তিশালী, স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এরদোগান।











