রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা সামগ্রীর চরম সংকট নিরসন ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সেবা নিতে আসা দূরদূরান্তের সাধারণ রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
আন্দোলনরত চিকিৎসকদের ভাষ্যমতে, হাসপাতালের ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতি রয়েছে। পাশাপাশি রোগীর স্বজনদের অনিয়ন্ত্রিত প্রবেশাধিকারের কারণে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিয়ত নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘবদ্ধ হুমকির মুখোমুখি হতে হচ্ছে। এছাড়া ক্যাজুয়ালটি বিভাগ ও অবজারভেশন রুম অকার্যকর থাকায় ভর্তি রোগীদের বাড়তি চাপে হিমশিম খাচ্ছে সীমিত জনবল, যা সামগ্রিক সেবা ব্যবস্থায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, এসব সংকট সমাধানের জন্য তারা একাধিকবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কর্তৃপক্ষের ধারাবাহিক আশ্বাসের প্রতিফলন না দেখে অবশেষে কর্মবিরতির পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তারা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. এস এম তপু জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতির বিস্তারিত বিবরণ এবং পরবর্তী কর্মসূচি জানাতে আজ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
















