Thursday , 8 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

বাংলাদেশে প্রযুক্তি ও এআই খাতে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

প্রতিবেদক

October 8, 2026 12:30 pm

বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতের বিকাশে যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো গভীর আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি সিলিকন ভ্যালি সফরের সময় গুগল, মেটা, সিসকো, এনভিডিয়া ও অ্যাপলের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, প্রযুক্তি খাতে সহযোগিতার অংশ হিসেবে আন্তর্জাতিক মানসম্পন্ন এআই ডেটা সেন্টার স্থাপনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে অফিস স্থাপনের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানগুলো কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ দেখিয়েছে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক লক্ষ্যের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্য অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি বড় প্রযুক্তি অবকাঠামো নির্মাণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তবে যেকোনো বড় ধরনের বিনিয়োগ বা স্থাপনা নির্মাণের আগে পরিবেশগত প্রভাব, অবকাঠামোগত সক্ষমতা, জলবায়ু পরিবর্তন এবং জনস্বার্থের মতো বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিদ্যমান বৈশ্বিক জ্বালানি ও বিদ্যুৎ সংকট বাংলাদেশের অর্থনীতির ওপর যে প্রভাব ফেলেছে, তা মোকাবেলার বিষয়টিও প্রতিমন্ত্রী গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি বলেন, শিল্প-কারখানা সচল রাখা এবং জনগণের দৈনন্দিন চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর। এক্ষেত্রে জ্বালানির বিভিন্ন উৎস থেকে সরবরাহ বাড়ানোর পাশাপাশি সামগ্রিক কার্যক্রম সমন্বয় করার কাজ চলমান রয়েছে। প্রযুক্তি ও জ্বালানি খাতের এই সমন্বিত উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক