যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টার থেকে ৭৫ হাজার ৩০০ পাউন্ডের মর্যাদাপূর্ণ স্কলারশিপ অর্জন করেছেন সিলেটের শিক্ষার্থী মো. তাজরিয়ান রশিদ। বাংলাদেশি মুদ্রায় এই স্কলারশিপের পরিমাণ প্রায় ১ কোটি ২৬ লাখ টাকা। ২০২৬ সালে বিশ্ববিদ্যালয়টিতে তিন বছর মেয়াদি ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি এই মেধাভিত্তিক বৃত্তি পেয়েছেন। এই স্কলারশিপের আওতায় তার তিন বছরের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হয়েছে। বিশ্বের নির্বাচিত মাত্র ৩০ জন শিক্ষার্থীর মধ্যে জায়গা করে নিয়ে তাজরিয়ান এই কৃতিত্ব অর্জন করেছেন।
এর আগে ২০২৫ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব প্লাইমাউথে ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং ইন রোবোটিকস ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি ৫০ শতাংশ মেধাভিত্তিক স্কলারশিপ পেয়েছিলেন, যার মূল্য ছিল ২৮ হাজার ৮০০ পাউন্ড। তাজরিয়ানের শিক্ষাজীবনের সাফল্যের ধারা শুরু হয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে, যেখানে তিনি জিপিএ ৪.৬১ অর্জন করেন। পরবর্তীতে বাংলা মাধ্যম থেকে ব্রিটিশ কারিকুলামে পড়াশোনা শুরু করেন সিলেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে যথাক্রমে এ স্টার, এ এবং এ স্টার গ্রেড অর্জন করে তিনি পিয়ারসন এডেক্সেল হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড লাভ করেন।
পড়াশোনার পাশাপাশি তাজরিয়ান শিক্ষার্থীদের মেন্টরিংয়ের সঙ্গেও যুক্ত রয়েছেন। তার অভিজ্ঞতা থেকে গড়ে ওঠা অনলাইন প্ল্যাটফর্ম ‘এ-লেভেল ক্র্যাশ কোর্সেস’ (এএলসিসি)-এর মাধ্যমে তিনি বিভিন্ন দেশের আইজিসিএসই ও এ-লেভেলের শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান ও ফারদার ম্যাথমেটিকসে একাডেমিক দিকনির্দেশনা দিয়ে আসছেন। তাজরিয়ানের বাবা ইঞ্জিনিয়ার মো. হাসানুর রশীদ এবং মা রওশন রশীদ। পরিবারের তৃতীয় সন্তানের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত।













