আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার কাতারের দোহায় বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক বিজ্ঞান মেলা ও চারু-কারুকলা প্রদর্শনী ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই প্রদর্শনী সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এছাড়া স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষাবিদরাও এই আয়োজনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। স্কুল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এ আয়োজন চলবে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীল মেধার বিকাশে আয়োজিত এই মেলায় প্রভাতী শাখার কেজি-১ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের তৈরি মোট ৩০৮টি চারু ও কারুকলার কাজ প্রদর্শিত হবে। অন্যদিকে, পঞ্চম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের ১৯৫টি ভিন্নধর্মী বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করবে, যা তাদের বৈজ্ঞানিক গবেষণায় আগ্রহ ও দক্ষতার পরিচয় তুলে ধরবে।
বিদ্যালয়টির দিবা শাখার শিক্ষার্থীদের কাজগুলোও প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের তৈরি প্রায় ১৫০টি সৃজনশীল কাজ এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের প্রায় ৭৫টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শিত হবে। উভয় শাখার শিক্ষার্থীদের শিল্পশৈলী, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও সৃজনশীল প্রতিভার সমন্বিত প্রদর্শনী হিসেবে এই আয়োজনটি সাজানো হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রয়োগে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে নিজেদের উদ্ভাবনগুলো বৃহত্তর পরিসরে উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং বৈজ্ঞানিক মনন গঠনের লক্ষ্যেই এই বার্ষিক আয়োজন। প্রদর্শনীটি সফল করতে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে অভিভাবক, অতিথি ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।














