রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের আলোচিত ঘটনায় অন্যতম মূল আসামি আবুল কালাম আজাদ লেলিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। মিরপুর জোনাল টিমের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ৪৬ বছর বয়সী এই ব্যক্তি এলাকায় ‘শুটার লেলিন’ নামে পরিচিত। তার বাবার নাম মৃত আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। তার বর্তমান ও স্থায়ী ঠিকানা রাজধানীর শাহ আলী থানার সেকশন-১ এলাকার ব্লক-বি, রোড-১, গ/১১ নম্বর বাড়ি। মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় দায়ের করা মামলায় (শাহ আলী থানা মামলা নম্বর ১৯) তিনি এজাহারভুক্ত আসামি। এর আগে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছিল।
গোয়েন্দা সূত্র অনুযায়ী, লেলিনের বিরুদ্ধে মিরপুর এলাকায় চাঁদাবাজি, জবরদখল ও ত্রাস সৃষ্টির মতো গুরুতর একাধিক অভিযোগ রয়েছে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সরাসরি জড়িত অন্তত ৪০ জনের একটি সুনির্দিষ্ট তালিকা প্রস্তুত করা হয়েছে।

















