সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মঙ্গলবার দুপুরে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করার বিষয়টি নিয়ে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে তীব্র বিতণ্ডা ও উত্তপ্ত বাক্যবিনিময় ঘটে।
শুনানি চলাকালীন এক পর্যায়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ করে মন্তব্য করেন যে, তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আইনজীবীদের আয় কমে গেছে। এই মন্তব্যকে কেন্দ্র করেই মূলত বিচারক ও বার সভাপতির মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা এজলাস ত্যাগ করেন। এই ঘটনার পর এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জন শুরু হয়।










