দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবাপ্রাপ্তি এবং পণ্য সরবরাহের সাথে জড়িত দরপত্র ও ক্রয়প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলামের স্বাক্ষর করা একটি বিশেষ চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত এই ক্রয় কার্যক্রমগুলো স্থগিত থাকবে। পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই স্থগিতাদেশ কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাটির অনুলিপি দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতো সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে, যাতে দাপ্তরিক সব স্তরে এই সিদ্ধান্ত কার্যকর হয়।
তবে এই নির্দেশনার ফলে বর্তমানে চলমান ক্রয়প্রক্রিয়া বা ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া প্রকল্পগুলোর বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য চিঠিতে নেই। এছাড়া সংশোধিত অধ্যাদেশের বিধিমালা ও নতুন রেট শিডিউল চূড়ান্ত হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমাও উল্লেখ করা হয়নি। ফলে এই ক্রয়-স্থগিতাদেশ কতদিন কার্যকর থাকবে এবং চলমান দরপত্রগুলোর পরবর্তী পরিস্থিতি কী হবে, তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।















