যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রধান সামাজিক প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটির নির্বাচন ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৫ অক্টোবর রোববার নির্ধারিত পাঁচটি কেন্দ্রে বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসীদের এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে শেষ করতে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানান, একটি শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর ভোট আয়োজনে নির্বাচন কমিশনের সদস্যরা নিরলস কাজ করছেন। সুষ্ঠু প্রক্রিয়ার জন্য নির্বাচনে প্রার্থীর পাশাপাশি সমর্থকদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটগ্রহণ সফল করার অনুরোধ জানানো হয়েছে।
এবারের নির্বাচনে প্রযুক্তির সহায়তায় ভোট গণনার সুবিধা নিশ্চিত করতে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হচ্ছে। ভোটগ্রহণের মূল কাজে ব্যবহারের জন্য ৬০টি ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাড়তি ১০টি মেশিন রিজার্ভ হিসেবে বরাদ্দ রাখা হয়েছে, যার ফলে মোট ৭০টি ইভিএম প্রস্তুত রয়েছে।
সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের ২১টি পদের বিপরীতে মোট ৪৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে দুটি পূর্ণাঙ্গ প্যানেল থেকে ৪২ জন এবং সাধারণ সম্পাদক পদে এককভাবে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন ‘সেলিম–আলী’ প্যানেল এবং সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন ‘কুনু-ফিরোজ’ প্যানেলের মধ্যে। ভোটাররা সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ বিভিন্ন সম্পাদকীয় পদ এবং ছয়টি কার্যনির্বাহী সদস্যপদে তাঁদের প্রতিনিধি নির্বাচন করবেন।
ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচন কমিশন নিউইয়র্কের বিভিন্ন এলাকায় পাঁচটি কেন্দ্র নির্ধারণ করেছে। কেন্দ্রগুলো হলো কুইন্সের উডসাইডে অবস্থিত ৫৮ ম্যানর, ব্রুকলিনের কালামস হল, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস, জ্যামাইকার অঙ্গন পার্টি হল এবং ওজন পার্কের ম্যাজেস্টিক মারকুইস। নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের প্রত্যাশা, সকল প্রার্থীর সহযোগিতায় পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হবে।















