কাতারে বসবাসের অনুমোদিত মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও যেসব প্রবাসী এখনো অবৈধভাবে অবস্থান করছেন, তাদের আত্মগোপনে না থেকে স্বেচ্ছায় আইনি সহায়তার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্ট। কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব প্রবাসীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আইনি অভিযোগ নেই, তারা এই বিভাগে যোগাযোগ করে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনকারীদের ব্যক্তিগত পরিস্থিতির ওপর ভিত্তি করে দ্রুততম সময়ের মধ্যে তাদের নিরাপদে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। গত বৃহস্পতিবার এক ওয়েবিনারে এই সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্টের ডিটেনশন সেকশনের প্রধান মেজর সৌদ হামাদ আল-বুরাইদি। গত বৃহস্পতিবার আয়োজিত একটি ওয়েবিনারে এই বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
দেশটিতে চলমান কঠোর আইনি ব্যবস্থার অংশ হিসেবে ফ্রি ভিসা বা অবৈধ ভিসা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার কাতারি রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে। অপরাধের পুনরাবৃত্তি ঘটলে এই জরিমানার অংক বেড়ে এক লাখ রিয়াল পর্যন্ত হতে পারে। এছাড়া নির্ধারিত বন্দর ছাড়া অবৈধভাবে দেশে প্রবেশ বা বহির্গমন করলেও সমপরিমাণ অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া নির্দিষ্ট প্রবেশ ও প্রস্থান পথ ছাড়া বেআইনিভাবে দেশে প্রবেশ বা বহির্গমন করলে তিন বছরের কারাদণ্ড ও ৫০ হাজার রিয়াল জরিমানা গুণতে হবে।
স্পন্সর বা নিয়োগকর্তাদের জন্যও কড়া হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। কোনো কর্মী বা শ্রমিকের রেসিডেন্সি পারমিট বা আকামার মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে তা নবায়ন করতে ব্যর্থ হলে, প্রতিটি ভুলের জন্য নিয়োগকর্তাকে ১০ হাজার রিয়াল জরিমানা দিতে হবে। এছাড়া ভিসার শর্ত লঙ্ঘন করে অন্যত্র কাজ করা, মালিকের কাছ থেকে পালিয়ে যাওয়া কিংবা মেয়াদোত্তীর্ণ আকামা নিয়ে কাজ করার মতো প্রতিটি ক্ষেত্রেই নিয়মিত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, তাদের ডিটেনশন সেন্টার কোনো শাস্তিমূলক কারাগার নয়; বরং এটি দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় থাকা প্রবাসীদের সাময়িক অবস্থানের কেন্দ্র। এখানে অবস্থানকালীন সময়ে প্রত্যেক প্রবাসীকে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা এবং সুষম খাবার নিশ্চিত করা হয়। এছাড়া নিজ নিজ দেশের দূতাবাসের সাথে যোগাযোগের পূর্ণ অধিকারও তাদের রয়েছে। যেকোনো প্রয়োজনে প্রবাসীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ইউনিফাইড সার্ভিস সেন্টারগুলোতে যোগাযোগ করতে পারেন। যদি কোনো সমস্যার সমাধান এই কেন্দ্রগুলোতে সম্ভব না হয়, তবে সালওয়া রোডে অবস্থিত সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্টের প্রধান কার্যালয়ে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। রেসিডেন্সিসংক্রান্ত জটিলতা নিরসনে প্রবাসীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট কিংবা ইউনিফাইড সার্ভিস সেন্টারগুলোর সহায়তা নিতে পারেন।
















