ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। শুক্রবার সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এসব চুক্তির বিষয়ে খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বর্তমান সরকার বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে এবং দেশের স্বার্থ সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
চিফ হুইপ আরও বলেন, বিএনপি সরকারের মূলনীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থবিরোধী অসংখ্য চুক্তি শেখ হাসিনা করে গেছেন, যা থেকে উত্তরণের চেষ্টা চলছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও বন্ধু দেশের জাহাজ একসঙ্গে এলে আগে বন্ধু দেশের জাহাজ খালাস করা হতো, যা দেশের স্বার্থের পরিপন্থী। এখন থেকে দেশের স্বার্থ রক্ষার পরই কেবল বন্ধুত্ব বজায় রাখা হবে।
অনুষ্ঠানে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ না জানানো দুঃখজনক। দেশকে স্বাবলম্বী করে সামনে এগিয়ে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর এবং এর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।














