নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো ওই গ্রামের আবদুস সাত্তারের দুই ছেলে মুয়াজ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৬)। তাদের পরিবারে তোয়াব নামে আরও এক সন্তান রয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে বাড়ির পাশে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খেলার একপর্যায়ে বড় ভাই মুয়াজ প্রতিবেশী নুরেছা খাতুনের বাড়ির পল্লী বিদ্যুতের মিটারের আর্থিং তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট ভাই আরাফাতও একই কবলে পড়ে। সে সময় তাদের বাবা-মা বাড়ির গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। সন্তানদের চিৎকার শুনে তাঁরা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিটারের আর্থিং তার কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে গিয়েছিল। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
পল্লী বিদ্যুতের কেন্দুয়া আঞ্চলিক কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ওমর ফারুক জানিয়েছেন, এ বিষয়টি খতিয়ে দেখার জন্য কার্যালয় থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
















