প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে এমন সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব ও অভ্যন্তরীণ বিষয়। শনিবার রাজধানীর সিরডাপে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনকে কেন্দ্র করে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে এই সংলাপ অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো জাতীয় বা আন্তর্জাতিক আলোচনার বিষয় নয়। কখন কোন রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হবে, তা মন্ত্রণালয়ের নিজস্ব স্ট্যান্ডার্ড প্রসিডিউরের অংশ এবং একান্ত নিজস্ব সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রীর জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শামা ওবায়েদ আরও বলেন, এই সফরের মাধ্যমে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন সমঝোতা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাপানি বিনিয়োগ আকর্ষণেও প্রধানমন্ত্রীর এই সফর নতুন ক্ষেত্র তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, আমরা একসঙ্গে কাজ করব এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
















