আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশকে বড় ধরনের উভয় সংকটে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (২৪ অক্টোবর) খুলনার বয়রা পুলিশ লাইনে আয়োজিত এক কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বল প্রয়োগ করলেই পুলিশকে ফ্যাসিবাদী তকমা দেওয়া হয়, আবার না করলে মানুষ পুলিশকে দুর্বল ভাবতে শুরু করে।
গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা কমিয়ে আনতে বাহিনী কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। আইজিপি জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও গতিশীল ও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো প্রণয়ন করা হচ্ছে, যেখানে কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে দায়িত্ব পালন করবে।
বর্তমানে সারা দেশে কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এর পাশাপাশি চাঁদাবাজির মতো অপরাধ দমনে জনগণের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়েরের আইনি ক্ষমতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আলী হোসেন ফকির।
















