Wednesday , 21 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের সতর্কবার্তা দিল কাতার

প্রতিবেদক

October 21, 2026 4:58 am

মধ্যপ্রাচ্যে চলমান চরম সামরিক উত্তেজনার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে কাতার। দোহায় আয়োজিত ‘গ্লোবাল সিকিউরিটি ফোরাম’-এ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্যায়ভিত্তিক এই আলোচনা এখনো থেমে যায়নি। তিনি বলেন, আলোচনার গোপনীয়তা রক্ষার মাধ্যমেই মূলত মধ্যস্থতাকারীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।

তবে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ড. আনসারি সতর্ক করেছেন যে, বর্তমান উত্তেজনা অনিয়ন্ত্রিত হয়ে পড়লে পুরো অঞ্চল একটি ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ধাবিত হবে। এটি কেবল মধ্যপ্রাচ্যের সীমানাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক শান্তির জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। অতীতে যুদ্ধবিরতির মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় নতুন করে সংঘাতের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এই সংকট নিরসনে আঞ্চলিক অস্থিরতাগুলো সমন্বিতভাবে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন আল-আনসারি। এ সময় তিনি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আঞ্চলিক অস্থিরতাকে ব্যবহারের প্রচেষ্টার কঠোর সমালোচনা করেন। যেকোনো যুদ্ধবিরতিকে তিনি দীর্ঘমেয়াদী শান্তির একটি প্রবেশদ্বার হিসেবে অভিহিত করেছেন।

এদিকে, সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন কাতারের মুখপাত্র। তিনি জানান, রিয়াদের ওপর হুথি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের গৃহীত যেকোনো পদক্ষেপে দোহার পূর্ণ সমর্থন ও সংহতি অব্যাহত থাকবে।

সর্বশেষ - দেশের খবর