জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে আয়োজিত এক বিশেষ প্রাতরাশ সভায় অংশ নিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এতে উপস্থিত ছিলেন। প্রাতরাশ পর্বের শুরুতে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাদের জীবনসঙ্গীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন এবং মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও সেখানে যোগ দিয়ে মহাসচিবের সঙ্গে কুশল বিনিময় করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘের ব্যস্ত সফরসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
প্রাতরাশ শেষে সকাল ৯টায় জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে আয়োজিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা এই অধিবেশনে অংশগ্রহণ করেছেন। সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে এটি তার প্রথম ভাষণ হতে যাচ্ছে, যেখানে তিনি প্রথা অনুযায়ী বাংলায় বক্তব্য রাখবেন। এছাড়া জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
















