গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটির একটি ভবনের পিন সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল ও উত্তরাসহ আশেপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানাটির একটি ভবনের ৬ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, আগুনের তীব্রতা বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিট সংখ্যা বাড়ানো হয়েছে। তবে বুধবার দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ড মোকাবিলায় কারখানার নিজস্ব পাম্প ও আশপাশের আবাসিক এলাকার পানির উৎস ব্যবহার করা হচ্ছে। পরে তা পুরো ভবন ও আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি আরও বলেন, কারখানার ভেতরে থাকা সচল পাম্প এবং আশপাশের বসতবাড়ির পাম্প থেকেও পানি সংগ্রহ করা হচ্ছে।
কারখানা এলাকা ও এর আশপাশের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এবং উদ্ধারকার্য দ্রুততর করতে দুপুর দেড়টার দিকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথভাবে মাঠে নেমেছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।















