জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা রক্ষার বিষয়টি আগামীর বাংলাদেশের জন্য মূল অঙ্গীকার হিসেবে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সাভারে আয়োজিত এক অনুষ্ঠানে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদানকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করতে বদ্ধপরিকর।
পতাকা প্রদানের সময় প্রধানমন্ত্রী বলেন, এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধুমাত্র একটি পতাকা নয়, বরং এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং আত্মত্যাগের প্রতীক। পতাকার গৌরবময় উড্ডয়ন সবসময় আমাদের দেশের স্বাধীনতা ও অগণিত মানুষের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র ও গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেই জাতীয় পতাকা আপনাদের হাতে তুলে দেয়া হলো। জাতীয় পতাকা অর্জনের অর্থ হলো আপনাদের উপর অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করার নতুন শপথ।
সশস্ত্র বাহিনীর ইতিহাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম হয়েছে। অতীতে বিভিন্ন সময় বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হলেও তা সফল হয়নি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক ‘উই রিভোল্ট’ ঘোষণার কথাও তিনি স্মরণ করেন।
আধুনিক সশস্ত্র বাহিনী গঠনের লক্ষ্য সম্পর্কে তারেক রহমান জানান, কেবল অস্ত্র বা জনবল নয়, বরং শৃঙ্খলা, দক্ষতা, নৈতিক নেতৃত্ব, প্রশিক্ষণ এবং জনগণের আস্থাই হলো বাহিনীর আসল শক্তি। বর্তমানে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি যেন মানুষের বিকল্প না হয়ে দাঁড়ায়, সেদিকে লক্ষ্য রেখে ত্রিমাত্রিক সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে সংবিধান, সামরিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি অবিচল থাকার আহ্বান জানান তিনি। এছাড়া, দেশের প্রয়োজনীয় গোলাবারুদ ও প্রতিরক্ষা সামগ্রী নিজস্ব শিল্পে উৎপাদনের লক্ষ্যে বর্তমান সরকার দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছে। সর্বোপরি চেইন অব কমান্ড।আমরা সশস্ত্রবাহিনীকে আরো প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, পেশাদার এবং সর্বাধুনিক হিসেবে গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রেখেছি।’। আমাদের এমন একটি সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন যেখানে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী প্রয়োজনের মুহূর্তে সমন্বিতভাবে কাজ করতে পারে।’।

















