মধ্যপ্রাচ্যের প্রধান সামুদ্রিক নৌপথগুলোতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আকাশচুম্বী উচ্চতায় পৌঁছেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালি আটকে দেওয়ার হুমকি দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতির কারণে তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, লন্ডনের ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫ সেন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে লেনদেন হচ্ছে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনভর লেনদেনে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ পরিবহন রুটগুলোতে অস্থিরতা বাড়তে থাকায় তেল সরবরাহ নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির জেরে গত মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথমবারের মতো সপ্তাহের শেষে উভয় বেঞ্চমার্কে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করতে যাচ্ছে। সরবরাহ ব্যবস্থা নিয়ে এই অনিশ্চয়তা আন্তর্জাতিক বাজারে তেলের দামকে আরও অস্থির করে তুলছে।














