তিন দশকেরও বেশি সময় ধরে দেশের প্রথম সারির সংগীতশিল্পীদের গানের সঙ্গী হিসেবে গিটার বাজিয়েছেন রাসেল খান। সংগীতাঙ্গনের এই প্রিয় মুখ আর নেই। ৫২ বছর বয়সে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে রাসেল খান বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ সকালে বড় বোনের বাসার বাথরুমে তিনি অসুস্থ হয়ে পড়ে যান। এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে, স্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
দীর্ঘ সংগীতজীবনে রাসেল খান দেশের প্রায় সব বিখ্যাত শিল্পীর সঙ্গে মঞ্চে গিটার বাজিয়েছেন। গিটার বাদনের পাশাপাশি নিজেও অনেক সময় গানে কণ্ঠ দিতেন। ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজানোই ছিল তাঁর জীবনের শেষ মঞ্চ পরিবেশনা। মঞ্চে শিল্পীদের গানের সঙ্গে তাঁর গিটারের সুর ছিল চেনা অনুষঙ্গ। গিটার বাজানোর পাশাপাশি মাঝেমধ্যে নিজেও কণ্ঠে তুলে নিতেন গান।
আজ বেলা সাড়ে তিনটায় বনানীতে বড় বোনের বাসার পাশের মসজিদে তাঁর জানাজা সম্পন্ন হয়। এরপর মরদেহ তাঁর গ্রামের বাড়ি বিক্রমপুরে নেওয়া হয় এবং সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে সংগীতাঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কাজের স্মৃতিচারণ করে তাঁকে স্মরণ করছেন। মনি কিশোরের মরদেহ উদ্ধার, কী হয়েছিল সেদিন। ফেসবুকে শোক জানাচ্ছেন সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা।















