যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা অটাম কেলসো। ছোটবেলায় ফায়ার ফাইটার হওয়ার কোনো স্বপ্ন তাঁর ছিল না। অথচ বর্তমানে তিনি ফ্লোরিডার সেন্ট পিট বিচ ফায়ার রেসকিউ বিভাগে অত্যন্ত সফলতার সাথে প্যারামেডিক ও ফায়ার ফাইটার হিসেবে কর্মরত। দীর্ঘ পাঁচ বছর ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসা অটাম সম্প্রতি বিশ্বের সবচেয়ে কম উচ্চতার নারী ফায়ার ফাইটার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম যুক্ত করেছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, অটামের উচ্চতা মাত্র ৪ ফুট ১০ ইঞ্চি বা প্রায় ১৪৭ সেন্টিমিটার। কর্মজীবনের শুরুতে তিনি করপোরেট দুনিয়ায় কাজ করতেন। কিন্তু বিশের কোঠায় থাকা অবস্থায় ডেস্কের সামনে বসে থাকা একঘেয়ে জীবন তাঁকে আর টানছিল না। তিনি এমন কিছু করতে চেয়েছেন যা দিয়ে সরাসরি সমাজে অবদান রাখা সম্ভব। এই চিন্তা থেকেই অগ্নিনির্বাপক ও জরুরি উদ্ধারকারী পেশার দিকে ঝোঁকেন তিনি। বয়স যখন ২০-এর কোঠায়, করপোরেট দুনিয়ায় তখন নিজের কর্মজীবন শুরু করেছিলেন অটাম।
পেশাটি বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের উচ্চতা নিয়ে শুরুতে কিছুটা দ্বিধা ছিল অটামের। তবে বন্ধুদের উৎসাহে তিনি এগিয়ে যান এবং নিজের শারীরিক সীমাবদ্ধতাকে পেশাদারিত্বের পথে বাধা হতে দেননি। অটাম জানান, তিনি প্রতিটি কাজ অত্যন্ত নিপুণভাবে সম্পন্ন করার চেষ্টা করেন। কর্মক্ষেত্রে তাঁর ক্ষিপ্রতা ও যেকোনো জায়গায় অনায়াসেই ওঠার সক্ষমতা দেখে সহকর্মীরা তাঁকে আদর করে ‘স্পাইডার মাংকি’ বলে ডাকেন।
সহকর্মীদের নিরন্তর উৎসাহ ও অনুপ্রেরণায় অটাম গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন জানান। এরপর নিয়ম মেনে সব ধরণের মাপজোখ ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শেষে তিনি বিশ্বের সবচেয়ে কম উচ্চতার নারী ফায়ার ফাইটার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পান। নিজের অদম্য মানসিকতা ও কাজের প্রতি নিষ্ঠা দিয়ে তিনি প্রমাণ করেছেন, শারীরিক উচ্চতা সফলতার মাপকাঠি হতে পারে না।















