সাইবার অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা নিয়ন্ত্রণে আগামী সপ্তাহেই বাংলাদেশ পুলিশের অধীনে একটি স্বতন্ত্র সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই নতুন উদ্যোগের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই বিশেষ ইউনিট পরিচালনার জন্য পুলিশ সদর দপ্তরে প্রয়োজনে নতুন করে অতিরিক্ত আইজিপি (অ্যাডিশনাল আইজিপি) পদ সৃষ্টি করা হবে। সাইবার অপরাধ ও স্ক্যামভিত্তিক অপরাধের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, আধুনিক অপরাধ জগতের একটি বড় অংশজুড়ে রয়েছে সাইবার স্পেস। কোনো কোনো দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত এই সাইবার বা স্ক্যামনির্ভর হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘আমরা দেখেছি, সাইবার স্পেস ক্রিয়েট করে যেসব ক্রাইম হচ্ছে সেটা আধুনিক ক্রাইম প্রবণতার একটা ক্যারেক্টার। সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।’।
প্রকল্পটির বিস্তারিত পরিকল্পনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এই ইউনিটকে কেবল কেন্দ্রীয় পর্যায়ে সীমাবদ্ধ রাখা হবে না। এর শাখাগুলো দেশের সব মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর এবং জেলা পর্যায়ে বিস্তৃত থাকবে। কয়েক সপ্তাহ আগেই এই সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের প্রকল্প প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘সব মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে তার শাখা থাকবে। বড় আকারের ফরেনসিক ল্যাব ও যে সাপোর্ট দরকার, সেগুলো হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে থাকবে। জটিল ধরনের বিষয়গুলো কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হবে। আর থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন বিষয়গুলো সেখানেই মোকাবিলা করা হবে।
















