মানি লন্ডারিংয়ের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। এর আগে সোমবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক মো. আশরাফুল হাসান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও অর্থ পাচারের অভিযোগের সত্যতা যাচাইয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। রিমান্ড আবেদনে বলা হয়, মামলাটি তদন্তাধীন। অর্থ পাচারের অভিযোগের সত্যতা যাচাই এবং মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনার জন্য দিলীপকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তারা দাবি করেন, বিদেশ থেকে বৈধ পথেই স্বর্ণ আমদানি করা হয়েছে এবং কেনাবেচার প্রয়োজনীয় নথিপত্র তদন্ত কর্মকর্তাকে সরবরাহ করা হয়েছে। মামলার অভিযোগটি মিথ্যা বলেও দাবি করেন তারা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে এক দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান অ্যাভিনিউয়ের কার্যালয় ও শোরুমে চোরাচালান ও অর্থ পাচারের ঘটনা ঘটেছে। সিআইডির অনুসন্ধানে উঠে আসে যে, প্রতিষ্ঠানটি বৈধভাবে ৩৮ কোটি ৪৭ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণ ও হীরা আমদানি করেছে। কিন্তু একই সময়ে স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সমপরিমাণ স্বর্ণ ও হীরা কেনা বা রূপান্তর করা হয়েছে, যার বিপরীতে কোনো বৈধ উৎস বা নথিপত্র পাওয়া যায়নি।















