বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডিন এবং বিভাগীয় প্রধান কমিটির সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। তবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল এখনো প্রকাশিত না হওয়ায় ভর্তি-সংক্রান্ত যোগ্যতা, জিপিএ শর্ত এবং আবেদনপ্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি; যা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বিভাগভিত্তিক আসন সংখ্যা
দেশের একমাত্র সরকারি বিশেষায়িত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে মোট ১১টি বিভাগ রয়েছে। এই ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়। বিভাগগুলোর আসন বণ্টন নিচে দেওয়া হলো
- ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০) ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০)।
- টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০) ও এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০)।
- টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।
উল্লেখ্য, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমও চলমান। ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন ১১ নভেম্বর থেকে শুরু হবে এবং পরীক্ষা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ১২ নভেম্বর থেকে শুরু এবং পরীক্ষা ৮ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
















