সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ নেই বলে দ্ব্যর্থহীন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সব দেশের প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। সামা টিভির বরাত দিয়ে জানা গেছে, হুথিদের নিজস্ব কিছু এজেন্ডা ও বিষয় রয়েছে এবং এর সঙ্গে ইরান জড়িত নয়। পেজেশকিয়ান বলেন, ‘আমরা সৌদি আরবের সঙ্গে যুদ্ধে নেই। আমাদের একে অপরের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো কারণ নেই।’ তিনি আঞ্চলিক দেশগুলোকে শান্তি রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।
মোজতবা খামেনি সুস্থ ও সচল আছেন
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে পেজেশকিয়ান জানান, ‘আমাদের সর্বোচ্চ নেতা জীবিত আছেন এবং আগের মতোই ব্যবস্থার মধ্যে নিজের ভূমিকা ও দায়িত্ব পালন করছেন।’ প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, দেশটির শত্রুরা বর্তমান সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও তার পূর্বসূরির ক্ষেত্রে নেওয়া একই ধরনের চক্রান্তমূলক পদক্ষেপ নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রের চাপ ও ইরানের শক্ত অবস্থান
এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের তীব্র সমালোচনা করেছেন পেজেশকিয়ান। তিনি বলেন, সামরিক সংঘাতের অজুহাতে সাধারণ মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত করা মোটেও অনুচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি মার্কিন প্রশাসনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন।
- পেজেশকিয়ান বলেন, ‘আমেরিকানরা যদি সত্যিই যোদ্ধা হয়, তাহলে তারা আমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে সরাসরি মোকাবিলা করুক। সাধারণ মানুষের জীবন-জীবিকাকে কেন লক্ষ্যবস্তু করা হচ্ছে?’
- তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ভয় দেখানো এবং তীব্র চাপ প্রয়োগ করে ইরানকে কখনোই নতি স্বীকার করানো বা আত্মসমর্পণ করানো যাবে না।















