খুলনা নগরীতে ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে শাহ আলম (৪৩) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত আড়াইটার দিকে সদর থানার কেসিসি কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত শাহ আলম জেলা পুলিশে কর্মরত আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফেরার পথে তিন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তারা এসআই শাহ আলমের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার দুই হাতের কবজিতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।















