প্রথম ডেট বা কারো সাথে প্রথম দেখা করার অভিজ্ঞতাটি কোনো চাকরির ইন্টারভিউ নয়। এখানে নিজের প্রতিটি সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে অপরপক্ষকে মুগ্ধ করার কোনো বাধ্যবাধকতা নেই। মূলত দুজন মানুষ একে অপরের সান্নিধ্যে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন, সেটিই বড় বিষয়। তাই কিছু বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা বা কৈফিয়ত না দিয়ে স্বাভাবিক থাকাই শ্রেয়।
প্রথমত, নিজের ব্যক্তিগত সীমানা বজায় রাখা বা ‘না’ বলাকে অস্বাভাবিক ভাববেন না। ডেটে আপনি হয়তো সব ব্যক্তিগত বিষয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না, যা একদম স্বাভাবিক। এর জন্য দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার চেয়ে সরাসরি ‘এ বিষয়ে এখন কথা বলতে অস্বস্তি হচ্ছে’—এই কথাটিই যথেষ্ট। মনে রাখবেন, সুস্থ সম্পর্কের প্রধান ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা। কেউ আপনার ‘না’ মেনে নিচ্ছেন কি না, তা খেয়াল করাই বরং বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য নিজের আচরণে অন্য কেউ অস্বস্তি বোধ করলে তা বোঝার চেষ্টা করা দরকার।
দ্বিতীয়ত, আপনার জীবন এখনো পুরোপুরি গুছিয়ে না ওঠায় লজ্জিত হওয়ার কিছু নেই। বর্তমান সময়ে সবাই একই গতিতে এগোয় না, কারো ক্যারিয়ার আগে গোছানো হয় তো কারো ব্যক্তিগত জীবন। আপনি ক্যারিয়ার বদলাতে চাচ্ছেন বা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন—এমন তথ্য গোপন করে নিজেকে নিখুঁত দেখানোর প্রয়োজন নেই। মনে রাখবেন, ২০-এর কোঠায় যাঁরা জীবন নিয়ে কিছুটা এলোমেলো বা দ্বিধাগ্রস্ত ছিলেন, ৮০ বছর বয়সে দেখা গেছে তাঁরাই সবচেয়ে বেশি সুখী। চাকরি এখনো পছন্দমতো হয়নি, ক্যারিয়ার বদলানোর কথা ভাবছেন, পড়াশোনা শেষ হলেও ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার নয়—এসব নিয়ে হয়তো মনে হতে পারে, অন্যজন কী ভাববেন।
তৃতীয়ত, যোগাযোগের ক্ষেত্রে দেরিতে উত্তর দেওয়ার জন্য অযথা অপরাধবোধে ভুগবেন না। কাজের ব্যস্ততা, পড়াশোনা বা নিজের জন্য সময় কাটানো জীবনের স্বাভাবিক অংশ। কারো উত্তরের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা বা প্রতিটি দেরির জন্য কৈফিয়ত দেওয়া সম্পর্কে অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। সঙ্গী আপনার এই স্বাভাবিক ছন্দকে সম্মান করেন কি না, তা প্রথম ডেটেই বোঝার সুযোগ রয়েছে। সম্পর্কের শুরুতেই মেসেজের উত্তর কত দ্রুত দেওয়া হচ্ছে, তা নিয়ে অনেক সময় অদৃশ্য এক হিসাব শুরু হয়ে যায়। অবশ্যই কাউকে ইচ্ছা করে দিনের পর দিন উপেক্ষা করা আর ব্যস্ততার কারণে কয়েক ঘণ্টা পর উত্তর দেওয়া এক বিষয় নয়।
চতুর্থত, নিজের স্বভাব বা ব্যক্তিত্বের জন্য কখনো ক্ষমা চাইবেন না। আপনি কথা বলতে ভালোবাসেন, একটু লাজুক কিংবা বেশি প্রশ্ন করেন—এসবই আপনার ব্যক্তিত্বের অংশ। অন্যকে খুশি করতে নিজেকে ছোট করা বা নিজের স্বাভাবিক আচরণের জন্য দুঃখ প্রকাশ করা সম্পর্কের শুরুতেই অস্বস্তি তৈরি করতে পারে। বরং দেখুন, একে অপরের স্বাভাবিক সত্তা কতটা সামঞ্জস্যপূর্ণ। ‘আমি একটু বেশি কথা বলি’, ‘আমি আসলে খুব চুপচাপ’, ‘আমি অনেক প্রশ্ন করি, কিছু মনে করবেন না’—প্রথম ডেটে নিজের স্বভাবের জন্য আগেই ক্ষমা চাওয়ার প্রবণতা অনেকের মধ্যেই থাকে। প্রথম ডেটেই নিজেকে পাল্টানোর চেষ্টা করলে পরে সেই আচরণ ধরে রাখাও কঠিন হয়ে পড়তে পারে; বরং প্রথম দেখার অন্যতম উদ্দেশ্যই হওয়া উচিত—দুজন মানুষ নিজেদের স্বাভাবিক অবস্থায় কতটা স্বচ্ছন্দ থাকতে পারেন, তা বোঝা।
পঞ্চমত, এখনো একা থাকার কারণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। কেউ যখন প্রশ্ন করেন ‘তুমি এখনো সিঙ্গেল কেন?’, তখন নিজের বিচ্ছেদ বা অতীত সম্পর্কের ইতিহাস খুলে বলার কোনো বাধ্যবাধকতা নেই। ক্যারিয়ারের ব্যস্ততা কিংবা উপযুক্ত মানুষের অপেক্ষায় থাকা—কারণ যা-ই হোক, সেটি আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এই প্রশ্নের জবাবে অন্যজন আপনাকে বিচার করছেন কি না, সেটি খেয়াল করাও জরুরি। পরিশেষে, প্রথম ডেট মানেই পরীক্ষা নয়, বরং একে অপরকে জানার একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই নিজের প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা না দিয়ে কথোপকথনকে সহজ রাখুন। আপনার সীমারেখা অন্যজনের কাছে গ্রহণযোগ্য করে তুলতে আলাদা যুক্তি দেখাতে হবে না; বরং প্রথম সাক্ষাতেই কেউ আপনার ‘না’কে সম্মান করছেন কি না, সেটি লক্ষ করা গুরুত্বপূর্ণ।
















