সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়িয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই এবং কার্যক্রম পুনরায় শুরুর প্রস্তুতি নিশ্চিত করতেই এই বাড়তি সময় নেওয়া হয়েছে। তবে বিমানবন্দরটি ঠিক কবে নাগাদ পুনরায় সচল হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানায়নি।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএসিএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথের নিরাপত্তা এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর আগে সাম্প্রতিক এক হামলার ঘটনায় বিমানবন্দরের রাডার ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যার পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যদিও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এই পরিস্থিতির প্রভাব পড়েছে সৌদি আরবের সামগ্রিক আকাশপথে। সোমবার পাকিস্তান ও রিয়াদের মধ্যে নির্ধারিত ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিমান চলাচল খাতের সংশ্লিষ্টরা। এছাড়া জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৬টি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইট বিলম্বিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।
চলমান সামরিক তৎপরতার কারণে উদ্ভূত নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার ও দেশটিতে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে মার্কিন বিমান সংস্থাগুলোকে সতর্কতা অবলম্বন করতে বলেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। আল জাজিরা ও আল আরাবিয়ার তথ্যানুযায়ী, পুরো আকাশপথ ও বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















