মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে বুধবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেন। তিনি মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা ছিলেন। টার্মিনালে তিনি রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি টার্মিনালে প্রবেশ করেন। এদের মধ্যে একজন বাইরে অপেক্ষায় থাকেন এবং অন্যজন সরাসরি ভেতরে ঢুকে শাকেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত সটকে পড়েন।
নিহতের মামা রানা মোল্লা জানান, ভোর ৫টার দিকে কাউন্টারে অবস্থান করার সময় তার ভাগনে হামলার শিকার হন। মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। রহস্য উদঘাটনে পুলিশের গোয়েন্দা শাখা ও সিআইডিসহ একাধিক বিশেষ দল কাজ করছে। ময়নাতদন্তের জন্য শাকেরের মরদেহ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত প্রক্রিয়া শেষে এ ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।














