গঙ্গা পানি চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারত বর্তমানে যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইএসএস)-এ ‘পানির ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে নিয়মিত আলোচনা চলছে এবং তা অব্যাহত থাকবে। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে দুই দেশের নেতৃত্ব পর্যায়, সিনিয়র অফিসিয়াল লেভেল এবং ওয়াটার নেগোশিয়েটরদের মধ্যে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। দুই দেশের আন্তরিকতা থাকলে এই সমস্যার একটি ইতিবাচক সমাধান পাওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হুমায়ুন কবির আরও বলেন, ভারত সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। আলোচনা, ডায়ালগ এবং কূটনীতির মাধ্যমেই কেবল জটিল ইস্যুগুলোর নিরসন সম্ভব। এক্ষেত্রে আন্তর্জাতিক আইনের বিষয়গুলোকেও বিবেচনায় নেওয়া হচ্ছে।
এসময় গঙ্গা চুক্তির ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বিরক্তির সঙ্গে বলেন, একই প্রশ্ন বারবার করা হচ্ছে। এরপর তিনি কোনো মন্তব্য না করে সভা ত্যাগ করেন।
















