সৌদি আরবের স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ব্যাপক কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হেলথ হোল্ডিং কোম্পানি জানিয়েছে, চলতি বছরে নতুন পদ সৃষ্টি, নিয়োগ সম্পন্ন এবং বিভিন্ন প্রশিক্ষণ চুক্তি মিলিয়ে মোট ১৯ হাজার ৬১০টি সুযোগ তৈরি করা হয়েছে। এর মধ্যে চলতি বছরেই ১২ হাজার ৯১৪ জন সৌদি নাগরিককে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং আরও ২ হাজার ৪০৫টি প্রশিক্ষণ চুক্তি চূড়ান্ত করা হয়েছে।
সর্বশেষ ১৯ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, সৌদি আরবের ২০টি স্বাস্থ্য অঞ্চলে নতুন করে আরও ৪ হাজার ২৯১টি শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এসব পদে মূলত স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পেশাজীবীদের সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, সামগ্রিক এই ১৯ হাজার ৬১০টি সুযোগের মধ্যে সব পদ বর্তমানে সরাসরি নিয়োগযোগ্য নয়; এর মধ্যে প্রশিক্ষণ ও আগে সম্পন্ন হওয়া নিয়োগও অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ, সবগুলো পদ বর্তমানে খালি নেই বা সব পদে এখনই আবেদন করা যাবে—বিষয়টি এমন নয়।
আগ্রহী প্রার্থীদের জন্য প্রতিটি স্বাস্থ্য অঞ্চলের নির্ধারিত নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা রয়েছে—বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই প্রতিটি অঞ্চলের পৃথক বিজ্ঞপ্তির শর্তাবলী ও সময়সীমা যাচাই করা জরুরি।
এ নিয়োগ প্রক্রিয়ার মূল লক্ষ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি করা। ফলে ৪ হাজার ২৯১টি নতুন শূন্যপদে বাংলাদেশি বা অন্য কোনো বিদেশি নাগরিক আবেদন করতে পারবেন কিনা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সাধারণত সৌদি আরবের স্বাস্থ্য খাতে বিদেশি চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের নিয়োগের প্রক্রিয়াটি ভিন্ন হয় এবং সেক্ষেত্রে পেশাগত নিবন্ধন ও বৈধ কাজের অনুমতির কঠোর শর্ত থাকে। তাই বাংলাদেশি চাকরিপ্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের বিজ্ঞপ্তিতে বিদেশি নাগরিকদের জন্য সুযোগ রাখা হয়েছে কি না, তা বিস্তারিত যাচাই করে নেওয়া প্রয়োজন।















