ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ঐতিহাসিক কাতার সফরকে কেন্দ্র করে দোহার লুসাইল প্রাসাদে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করেছেন কাতারের আমির মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি। ফরাসি প্রেসিডেন্ট ও তাঁর সফরসঙ্গী উচ্চপদস্থ প্রতিনিধিদল এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে কাতারের আমিরের সহধর্মিণী হার হাইনেস শেখা জওয়াহের বিনতে হামাদ বিন সুহাইম আল থানি উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে কাতারের আমির দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে এই সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন। আমির আশা ব্যক্ত করেন, এই সফর অর্থনৈতিক, রাজনৈতিক এবং নিরাপত্তা খাতে সহযোগিতা বৃদ্ধি করবে, যা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।
জবাবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ উষ্ণ আতিথেয়তার জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান। তিনি প্রযুক্তি, জ্বালানি ও শিল্প খাতে দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎমুখী সম্ভাব্য খাতগুলোতে যৌথ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে তিনি ‘ওয়ান প্ল্যানেট’ সাভরেন ওয়েলথ ফান্ডস উদ্যোগের আওতায় কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নৈশভোজে কাতারের সরকারি ও রাজপরিবারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল থানি, সাবেক প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মোহাম্মদ বিন খলিফা আল থানি, শেখ জসিম বিন খলিফা আল থানি এবং বর্তমান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। এছাড়া শূরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিম, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ব্যবসায়ী প্রতিনিধি দলের প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।















