ইরানে ভবিষ্যতে সম্ভাব্য হামলার ক্ষেত্রে মার্কিন বাহিনী জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোমা ব্যবহারের পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন তাদের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ‘মাদার অব অল বোম্বস’ বা ‘সব বোমার মা’ নামে পরিচিত এই অস্ত্রটি বিশ্বের বৃহত্তম অ-পারমাণবিক বোমা হিসেবে গণ্য হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে সামরিক অভিযান ফের শুরু হতে পারে। মার্কিন সামরিক পরিকল্পনার অংশ হিসেবে নীতিনির্ধারকদের কাছে বিভিন্ন মাত্রার আক্রমণাত্মক বিকল্প প্রস্তুত রাখা হচ্ছে, যার অন্যতম হলো এই বিশাল আকৃতির বোমাটি ব্যবহারের বিষয়টি। এক মার্কিন কর্মকর্তা এ প্রসঙ্গে মন্তব্য করেন, “মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুগুলোর জন্য বড় বোমার প্রয়োজন হয়, আর ‘মাদার অফ অল বম্বস’ হলো সবচেয়ে বড় বোমা।”
তবে এই বোমাটি ব্যবহারের কার্যকারিতা নিয়ে খোদ মার্কিন সামরিক বাহিনীর ভেতরেই সংশয় রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে এই অস্ত্রটি আসলে কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। জিপিএস-নির্দেশিত এই বোমাটি নয়টি সিটি ব্লকের সমান এলাকা ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা রাখলেও, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো, বিশেষ করে পিকাক্স পর্বতের নিচে থাকা স্থাপনাগুলো ধ্বংস করার ক্ষেত্রে এটি যথেষ্ট কার্যকর নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল আরাবিয়ার তথ্যানুসারে, এমন সব সীমাবদ্ধতার কারণেই এর প্রয়োগ নিয়ে সামরিক পর্যায়ে বিতর্ক চলছে।















