সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনার জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিগামী ৬১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ৯ হাজার ২৬৯ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি (ডিরেক্ট) এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। এই তালিকায় সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলার ২টি, সৌদি এয়ারলাইন্সের ৪টি ও রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষিতে বাতিল হওয়া ৬১ ফ্লাইটের মধ্যে ডিরেক্ট ফ্লাইট ২২টি আর ট্রানজিট ফ্লাইট ৩৯টি।
ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬টি, সালাম এয়ারের ৩টি, এমিরেটস এয়ারলাইন্সের ৯টি, ইজিপ্ট এয়ারের ১টি, কাতার এয়ারওয়েজের ৫টি ও ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২১ অক্টোবর পর্যন্ত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদিগামী যাত্রীর সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়তে পারে।
বিমানবন্দর এলাকায় আটকা পড়া অনেক যাত্রী চরম হতাশা ও নির্ঘুম সময় পার করছেন। এদের মধ্যে অধিকাংশই প্রবাসী শ্রমিক, যাদের ঢাকায় বাড়তি সময় থাকার মতো পর্যাপ্ত অর্থ নেই। ফ্লাইটের অনিশ্চয়তা ও টিকিটের অর্থ ফেরতের বিষয়টি নিয়ে তারা বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা করছেন। অনেকেই উপায় না পেয়ে বিমানবন্দরের আশেপাশেই অপেক্ষা করছেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় থাকা এই যাত্রীদের পরবর্তী গন্তব্য নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়া বেশির ভাগই যাত্রীই শ্রমিক।
















