Monday , 19 October 2026 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. ই-পেপার
  4. খেলা
  5. জনপ্রিয়
  6. জাতীয়
  7. দুর্যোগ
  8. দেশের খবর
  9. বাণিজ্য
  10. বিনোদন
  11. রাজনীতি

নেটফ্লিক্সে দাপট দেখাচ্ছে তুর্কি সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’

প্রতিবেদক

October 19, 2026 4:06 am

বিশ্বজুড়ে তুর্কি সিরিজের চাহিদা বরাবরই তুঙ্গে। বাংলাদেশের দর্শকদের মধ্যেও তুর্কি সিরিয়ালের তুমুল জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তার ধারা বজায় রেখেই নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’। মের্ত বায়কাল পরিচালিত সিরিজটি মুক্তির পর থেকেই দর্শকের মাঝে সাড়া ফেলে দিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই সিরিজটি নন–ইংলিশ সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে। কেবল প্রথম দুই সপ্তাহেই সিরিজটির ভিউ সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৩ লাখ।

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফুন্দা নামক একজন চিত্রশিল্পী, যার চরিত্রে অভিনয় করেছেন এলচিন সাঙ্গু। মা হওয়ার পর সন্তান ও সংসারের চাপে শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। নিজের আগের সত্তায় ফেরার তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও বাস্তব পরিস্থিতির কারণে তা থমকে যায়। পরিবারের প্রয়োজনে একজন আয়া নিয়োগের সিদ্ধান্ত নিলে তাঁর জীবনে আসেন নাজলি নামের এক নারী, যার চরিত্রে অভিনয় করেছেন মেলিস সেজেন।

ফুন্দা ধীরে ধীরে নাজলির ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে গল্প মোড় নেয় যখন ফুন্দার স্বামী ইলকার বাড়িতে ফিরে নাজলিকে চিনতে পারেন। জানা যায়, অতীতে ইলকারের সঙ্গে নাজলির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বামীর অতীতের এই চাঞ্চল্যকর তথ্য ফুন্দার পারিবারিক জীবনে অস্থিরতা তৈরি করে। নাজলির বাড়িতে আসার পেছনে কি কেবলই চাকরির উদ্দেশ্য, নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে—এমন রহস্যই সিরিজটিকে এগিয়ে নিয়ে গেছে।

সিরিজটির চিত্রনাট্যের গাঁথুনি যথেষ্ট মজবুত, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম। সুখী দাম্পত্যে হঠাৎ বিশ্বাসের সংকট এবং রহস্যময় নাজলির চরিত্রটি দর্শককে গল্পের গভীরে টেনে নিয়ে যায়। চরিত্রগুলোর আচরণের আড়ালে লুকিয়ে থাকা বিষয়গুলো নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল কাজ করে।

সিরিজটি নিয়ে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডিসাইডারের পর্যালোচনায় সিরিজটির প্রথম পর্বের বেশ প্রশংসা করা হয়েছে। ফুন্দার মানসিক সংকট, শিল্পী হওয়ার জেদ এবং দুই নারী চরিত্রের মধ্যকার ধোঁয়াশা ও রহস্যকে গল্প এগিয়ে নেওয়ার কার্যকর উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সব সমালোচক সিরিজটি নিয়ে সন্তুষ্ট নন। ডেইলি সাবাহর পর্যালোচনায় গল্পের অস্পষ্টতা এবং একই বিষয় বারবার ব্যাখ্যা করার প্রবণতা নিয়ে আপত্তি জানানো হয়েছে। পত্রিকাটির মতে, সিরিজের গল্পে দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও চিত্রনাট্য পুরোপুরি সেই সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক