সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে দেশটির সরকারের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার ১৩ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহর সঙ্গে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এ অনুরোধ জানান। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হামলার ঘটনায় আহত বাংলাদেশিদের উন্নত চিকিৎসা ও সার্বিক সেবা প্রদান করায় সৌদি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ এবং সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সংহতি জানানো হয়। বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বর্তমান আঞ্চলিক উত্তেজনার বিষয়টি তুলে ধরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।
প্রতিকূল এ সময়ে বাংলাদেশের পক্ষ থেকে সংহতি ও সমর্থন জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আবিয়াহ। এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানানো হয়।
















