রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারে হঠাৎ পরিদর্শনে গিয়ে এলাকাটির বেহাল দশা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শনিবার এই আকস্মিক পরিদর্শনের সময় তিনি আবাসিক এলাকার রাস্তাঘাট এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এলাকাটি নোংরা ও বসবাসের অনুপযোগী দেখে তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের ওপর ক্ষুব্ধ হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগামী দুই সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনের সময় কোয়ার্টারের বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে এলাকার পরিবেশগত দুরবস্থা ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘাটতি নিয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। আবাসিক এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তারা প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপের দাবি জানান। বাসিন্দাদের এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শোনেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি এলাকাটির সার্বিক পরিবেশ উন্নত করার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি না করার বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।















