ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। ১৩ সেপ্টেম্বর (রবিবার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান। সীমান্ত পরিস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ এবং সব ধরনের জটিলতা নিরসনে কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, সে সময় পুতুলের নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ত্রুটি ছিল।
বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা সম্পদ ও টাকা ফেরত আনার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা পাওয়ার বিষয়েও প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
















