এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। ১৩ সেপ্টেম্বর রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশনই নির্ধারণ করে থাকে। কমিশন এখন শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা এবং বিদ্যমান আইন পর্যালোচনা করে দেখবে এমপিওভুক্ত শিক্ষকরা ভোটের লড়াইয়ে অংশ নিতে পারবেন কি না। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে নতুন কোনো বাধ্যবাধকতা নেই বলেও তিনি জানান।
এর আগে এদিন সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
















