Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. খেলা
  4. জনপ্রিয়
  5. জাতীয়
  6. দুর্যোগ
  7. দেশের খবর
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. রাজধানী
  11. রাজনীতি

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে এখনো কোনো নতুন তথ্য নেই: ভারত

প্রতিবেদক

September 8, 2026 3:51 pm

নয়াদিল্লিতে আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো নতুন তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্মেলনে কতগুলো দেশের রাষ্ট্রপ্রধান যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সোয়াল জানান, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীর যোগদান সংক্রান্ত কোনো নতুন আপডেট তার কাছে নেই।

আগামী শনি ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার জন্য বিমসটেকের চেয়ারপারসন হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত আমন্ত্রণ জানালেও এখন পর্যন্ত সফরের কোনো নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে, গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল উপস্থিতিতে বক্তব্য রাখার ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি করে। এরপর থেকেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নানা আলোচনা চললেও বিষয়টি এখনো অনিশ্চিত।

ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গও উঠে আসে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সোয়াল শেখ হাসিনা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। তিনি জানান, ওই সাক্ষাৎ ছিল মূলত সৌজন্যমূলক, যেখানে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক, কানেকটিভিটি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়ন সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা অব্যাহত রয়েছে। দুই দেশের এই পারস্পরিক সম্পর্ক আগামী দিনে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষই কাজ করছে। তবে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে তিনি পুনরায় জানান যে, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই এবং সম্মেলনে কারা অংশ নিচ্ছেন, সে বিষয়েও তিনি বিস্তারিত কিছু জানাননি।

সর্বশেষ - অপরাধ