কাতারে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এই অগ্রযাত্রার অংশ হিসেবে সম্প্রতি কাতারের শিল্পনগরী সানাইয়া লজিস্টিক ভিলেজে নতুন একটি ওয়্যারহাউসের উদ্বোধন করা হয়েছে। ‘এম ইউ সোহেল ট্রেডিং’ ও ‘মইন ফ্রেশ’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মাইন উদ্দিন সোহেল এই উদ্যোগটি বাস্তবায়ন করেছেন। নিজের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে তিনি এই নতুন স্থাপনাটি গড়ে তুলেছেন, যা তার ব্যবসার পরিধি আরও বিস্তৃত করবে বলে ধারণা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মাইন উদ্দিন সোহেল উপস্থিত সবার কাছে তার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধির জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে শিক্ষক তফসিল উদ্দিন, অধ্যাপক আমিনুল হক, আবু জাহের বাবুল ও আরিয়ান ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য যে, মাইন উদ্দিন সোহেল ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে সিআইপি নির্বাচিত হয়েছেন। তার এই কৃতিত্বের জন্য অনুষ্ঠানস্থলে ‘অ্যাসোসিয়েশন অব ফেনী’র পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী, যেমন মোহনা টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, ডিবিসি নিউজের আমিন বেপারী এবং বিজয় টিভির আহসান উল্লাহ সজিব তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা ফলমূল ও শাকসবজি কাতারের বিভিন্ন হাইপার মার্কেট ও সুপার শপে সরবরাহ করে থাকেন এই ব্যবসায়ী। তার দূরদর্শী পরিকল্পনা, কঠোর পরিশ্রম ও অদম্য মনোবল প্রবাসীদের কাছে বেশ প্রশংসিত হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, মাইন উদ্দিন সোহেলের এই ব্যবসায়িক অগ্রযাত্রা আগামী দিনগুলোতে কাতার ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।














