ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল করতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং করার এবং জুমার নামাজের খুতবায় ডেঙ্গু থেকে সুরক্ষায় জনসচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করে বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত সংবেদনশীল। এ সময় সংক্রমণ রোধে সরকারি সব সংস্থা ও সংস্থাকে সমন্বিত ও জোরালো পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেসব স্থানে প্রতিরোধমূলক কার্যক্রম বাড়ানো অপরিহার্য। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিবেশ পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতালগুলোর আঙিনা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে সভায় সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে স্থবিরতা দূর করতে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারাও সভায় অংশ নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
















