বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড (এসএসসিএল) সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে ‘ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনার’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি তাদের এই অর্জনের বিষয়টি নিশ্চিত করেছে। এই স্বীকৃতির মাধ্যমে এসএসসিএল এখন থেকে বৈশ্বিক পর্যায়ের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্মের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হলো। সিঙ্গাপুরের ডিজিটাল উন্নয়ন ও তথ্য মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এই অথরিটি পরিচালিত হয়।
ট্রেড ট্রাস্ট–রেডি পার্টনার হিসেবে প্রাপ্ত এই সনদটি মূলত একটি আন্তর্জাতিক ডিজিটাল ট্রেড ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন দেশের প্রযুক্তি প্ল্যাটফর্ম ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে ইলেকট্রনিক বাণিজ্যিক নথিপত্র নিরাপদে আদান-প্রদান এবং স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কাগজবিহীন ও আন্তসংযুক্ত ব্যবস্থায় কাজ করার পথে এই মাইলফলকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এসএসসিএল মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এন্টারপ্রাইজ অটোমেশন, ডকুমেন্ট ইন্টেলিজেন্স এবং সাপ্লাই চেইন ফাইন্যান্সসহ বিভিন্ন প্রযুক্তিগত সেবা প্রদান করে আসছে। ডিজিটাল বাণিজ্যে প্রতিষ্ঠানটির এই নতুন স্বীকৃতি বাংলাদেশের ডিজিটাল খাতের সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান ডিজিটাল বাণিজ্য খাতে প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও জোরালো ভূমিকা পালন করতে সক্ষম হবে।
















