কাতারের পৌরসভামন্ত্রী আবদুল্লাহ বিন হামাদ বিন আবদুল্লাহ আল আত্তিয়াহ-এর কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী ফখরুল ইসলাম দুদু। সিলেটের কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাখাইরপাড় গ্রামের লাল মিয়ার ছেলে ফখরুল ইসলাম বর্তমানে কাতারের পৌরসভা মন্ত্রণালয়ের পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত আছেন। ফখরুল ইসলামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৮ নং ঝিঙ্গাবাড়ি ই্উনিয়নের ২ নং ওয়ার্ডের বাখাইরপাড় গ্রামে।
কুরআন তেলাওয়াতে মুগ্ধতা
সম্প্রতি কাতারে অনুষ্ঠিত পরিবেশ বিষয়ক সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করেন ফখরুল ইসলাম। তার এই চমৎকার উপস্থাপনা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এই বিশেষ অংশগ্রহণের প্রত্যক্ষ স্বীকৃতি হিসেবেই তাকে সম্মাননা জানান কাতারি মন্ত্রী।
মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ
কাতার পৌরসভা মন্ত্রণালয়ের কর্মীদের প্রচেষ্টা ও প্রতিভার স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবেই এ সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি কর্মীদের নিজস্ব দক্ষতা ও প্রতিভা তুলে ধরতে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করাও এর মূল উদ্দেশ্য। একজন বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর এমন গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে প্রতিভা তুলে ধরে মন্ত্রীর কাছ থেকে সম্মাননা পাওয়া প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দের।















