আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেন।
মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছিল। পাশাপাশি রিটের শুনানিকালে ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত রাখারও নির্দেশনা চাওয়া হয়।
উল্লেখ্য যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম, সভা-সমাবেশ, মিছিল, সম্মেলন এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ সব ধরনের প্রচারণা নিষিদ্ধ থাকবে।
















