রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভয়াবহ হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দারুসসালাম জোনের এসি এমদাদুল হক বিপুল এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই স্বাস্থ্যকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগ রয়েছে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠনের ব্যানারে মুখোশ পরা প্রায় দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। হামলাকারীরা সেখানকার নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ভেতরে থাকা প্রয়োজনীয় ওষুধ, ভ্যাকসিন, মূল্যবান যন্ত্রপাতি ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এরপর ভারী যন্ত্রপাতির সাহায্যে স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে জায়গাটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ও দখলের চেষ্টার অভিযোগ রয়েছে। এরই জেরে বৃহস্পতিবার রাতে এক পক্ষ প্রতিষ্ঠানটির ব্যানারে এই ন্যাক্কারজনক দখল ও ভাঙচুর চালায়। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
















