জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় পূর্ব তিমুরের পরিকল্পনা মন্ত্রণালয়ের জন্য একটি অত্যাধুনিক ডিজিটাল সিস্টেম তৈরির কাজ পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড। ‘স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’ (এসপিআইএমআইএস) নামের এই প্ল্যাটফর্মটি দেশটির সরকারি বিনিয়োগ, বাজেট ব্যবস্থাপনা এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। আগামী ছয় মাসের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই ওয়েবভিত্তিক সিস্টেমটি পূর্ব তিমুরের কৌশলগত উন্নয়ন পরিকল্পনা (২০১১–২০৩০) এবং মধ্যমেয়াদি পরিকল্পনা (২০২৬–২০৩০) বাস্তবায়নের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে সহায়তা করবে। এছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে আন্তর্জাতিক অঙ্গীকারের অগ্রগতিও এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বচ্ছভাবে যাচাই করা সম্ভব হবে। সিস্টেমটির মাধ্যমে সরকারি বিভিন্ন সংস্থা থেকে তথ্য সংগ্রহ, যাচাই, অনুমোদন ও বিশ্লেষণের পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ডের সুবিধা থাকবে, যা উন্নয়ন সূচক ও বাজেটের চিত্র সহজে বিশ্লেষণ করতে সাহায্য করবে।
প্রকল্পটি সম্পর্কে ড্রিম৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, একটি দেশের জাতীয় পর্যায়ের কৌশলগত পরিকল্পনা ও বিনিয়োগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ডিজিটাল সিস্টেম তৈরির দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। এটি কেবল সফটওয়্যার তৈরির কাজ নয়, বরং একটি দেশের উন্নয়ন পরিকল্পনাকে আরও তথ্যভিত্তিক ও কার্যকর করার উদ্যোগ। তিনি আরও জানান, ড্রিম৭১ এর আগে পূর্ব তিমুরে ইউএনডিপির সাথে তিনটি সফটওয়্যার তৈরির কাজ সম্পন্ন করেছে। সব মিলিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সাথে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির, যার অংশ হিসেবে ইউএনডিপির সাথে এটি তাদের ১৮তম প্রকল্প।











