টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে কারখানার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ওষুধ তৈরির কাঁচামালের গুদামে ছড়িয়ে পড়লে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ১৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরবর্তীতে আরও দুটি ইউনিটকে তলব করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম।














