ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির বড় ধরনের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। এ লক্ষ্য নিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে চারটি কার্গো বিমানে করে ইয়েমেনের বন্দরনগরী এডেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে দেশটি। এর মাধ্যমে ইয়েমেনের চলমান সামরিক সংঘাতে পাকিস্তান তাদের সম্পৃক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করল।
পাকিস্তান সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইয়েমেনে পাঠানো অস্ত্রের তালিকায় রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান, ড্রোন এবং ড্রোন প্রতিরোধী সরঞ্জাম। এছাড়াও পাকিস্তানের সামরিক উপদেষ্টারা বর্তমানে সৌদি কর্মকর্তাদের সাথে ইয়েমেনে অবস্থান করছেন, যারা স্থানীয় সেনাদের কৌশলগত সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছেন।
এদিকে মিডল ইস্ট আইয়ের তথ্য অনুযায়ী, হুতির সামরিক তৎপরতা ও লোহিত সাগর উপকূলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে গভীর উদ্বেগে রয়েছে সৌদি আরব। এ গোষ্ঠীটির অগ্রযাত্রা সামাল দিতে রিয়াদ বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও পশ্চিমা ও আরব বিশ্বের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সামগ্রিক পরিস্থিতিতে ইয়েমেনের যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের এই সরাসরি সহায়তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
















