জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী হামলার ঘটনার নেপথ্যে চীনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, হামলার আগে চীনের একটি প্রতিষ্ঠান ইরানকে উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল। মূলত এসব ছবি ব্যবহার করেই হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে, চীন সরকার সরাসরি এই সামরিক কর্মকাণ্ডে জড়িত ছিল এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই।
এদিকে বেইজিং এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের গুরুতর অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তারা বিষয়টিকে ভিত্তিহীন দাবি করে এর স্বপক্ষে তথ্য-প্রমাণ দেখানোর আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ইরানকে সামরিক কাজে ব্যবহারযোগ্য স্যাটেলাইট ছবি সরবরাহে সহায়তার অভিযোগে গত মে মাসে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি ছিল, ওই প্রতিষ্ঠানগুলো ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এবং কৌশলগত লক্ষ্যবস্তু শনাক্তকরণে সহায়তা করছে। জর্ডানে তিন মার্কিন সেনা নিহতের ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।













